মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন,নারীনেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর, অমিত পালসহ আরও অনেকে।
বক্তারা বলেন,বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না।বক্তারা আরোও বলেন,এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নারী ও শিশুদের প্রতি সহিংসতা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। তাই আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছি। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।আজকের এই মানববন্ধন থেকে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রামিসার ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একে