বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের প্রাণহানি

বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের প্রাণহানি

সময় জার্নাল ডেস্ক:

নওগাঁ, কুড়িগ্রাম ও নাটোর—এই তিন জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ও দুপুরের দিকে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই কৃষক, এক অটোচালক ও এক ইটভাটা শ্রমিক রয়েছেন।

নওগাঁয় প্রাণ গেল দুই কৃষকের

নওগাঁর রাণীনগরে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে নিহত দুজন জাঠাইল মাঠে ধান কাটতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কুড়িগ্রামে মাছ ধরতে গিয়ে নিহত ১

কুড়িগ্রামের চিলমারীতে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম (৩৩) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের বজরা তবকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার নুরুজ্জামানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যান রফিকুল। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেন।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিক নিহত, আহত ২

নাটোরের লালপুরে বজ্রপাতে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকার সুপার ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত এসকেন আলী ভোলা (৬০) উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আদু মন্ডলের ছেলে। আহত শাপলা খাতুন (৩০) জোতদৈবকি গ্রামের ফিরোজ শেখের স্ত্রী ও সুফিয়া খাতুন (৫০) একই এলাকার পলান আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকেই আকাশ ঘন মেঘে ঢাকা ছিল। এ অবস্থায় ইটভাটায় শ্রমিকেরা কাজ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে এসকেন আলী ভোলাসহ তিনজন গুরুতর আহত হন। তাদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। আহত শাপলা খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল