রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি :
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন আহলে হাদিস অনুসারীরা।
বুধবার সকালে রৌমারী ও ফুলবাড়ী উপজেলাসহ জেলার অন্তত ছয়টি গ্রামে ঈদের নামাজ আদায় করে কোরবানি দেন কিছু পরিবার ।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়।
জানা যায়, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া গ্রামে মো. ছমির ব্যাপারীর বাড়ির মসজিদে সকাল সাড়ে ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হাফেজ মো. আবু সাঈদ। জামাতে প্রায় ৯৫ থেকে ১০০ জন অংশ নেন।
অন্যদিকে, ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাও. মো. আব্দুল মালেক। জামাতে প্রায় ৬০ জন মুসল্লি অংশ নেন।
পুলিশ জানায়, আগাম ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলার ফুলবাড়ী, রৌমারী, ভূরুঙ্গামারী, চিলমারী ও চর রাজীবপুর উপজেলার অন্তত ছয়টি গ্রামে আহলে হাদিস অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছেন।
এমআই