এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার রাজবাড়ী মোড়ে মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ৫ হাজার ৮১০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৪৩ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বুধবার (১৭ জুন) দুপুরে র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— কুষ্টিয়ার কুমারখালী থানার ছেঁউড়িয়া গ্রামের মোঃ মামুন হোসেনের ছেলে মোঃ কবির হোসেন (৩১) এবং রাজবাড়ীর পাংশা থানার হাজরাপাড়া গ্রামের মোঃ আলম শেখের ছেলে মোঃ ইব্রাহিম শেখ (২৩)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ফরিদপুর থেকে মাগুরাগামী মহাসড়কের রাজবাড়ী মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটি থেকে ৫ হাজার ৮১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে র্যাব-১০ এর মিডিয়া সেল থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এই ‘জিরো টলারেন্স’ নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমআই