ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস (ফাস্ট-এনইউসিইএস)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হলো।
সম্প্রতি স্বাক্ষরিত এই চুক্তিটি আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে। ডিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং ফাস্ট-এনইউসিইএসের ইন্টারন্যাশনাল এডুকেশন অফিসের প্রধান মি. ওয়াকার বাইগ এই সমঝোতায় স্বাক্ষর করেন। মি. ওয়াকার বাইগ তার বিশ্ববিদ্যালয়ের রেক্টরের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি অনুসারে, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা উদ্যোগ, গ্রীষ্মকালীন ও শীতকালীন প্রোগ্রাম, ইন্টার্নশিপ সুযোগ, বৃত্তি প্রদান এবং লাইব্রেরি সম্পদ, জার্নাল ও ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম শেয়ারিংয়ের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ডিআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করা। এর ফলে শিক্ষাগত উৎকর্ষ, গবেষণা উদ্ভাবন, আন্তর্জাতিকীকরণ এবং সাংস্কৃতিক বোঝাপড়া আরও গভীর হবে।
এই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ এর মাধ্যমে তারা বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একইসঙ্গে পাকিস্তানের শিক্ষার্থী ও শিক্ষকরাও বাংলাদেশে এসে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।
ডিআইইউ আশা করছে, এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব উভয় দেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং বৈশ্বিক শিক্ষা সহযোগিতায় ইতিবাচক ভূমিকা রাখবে।
একে