নিজস্ব প্রতিবেদক:
দেরি করে হলেও দেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ইতিমধ্যে কিছু এলাকায় এটি ছড়িয়েও পড়েছে। গতকাল রোববার থেকে দেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে। আজ সোমবারও কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। তবে আজ ওই সব এলাকাতেই বেশি বৃষ্টি হতে পারে, যেসব এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব আছে। সার্বিকভাবে দেশের তাপমাত্রা তেমন কমবে না আজ। আবহাওয়ার বার্তায় ঢাকা ও আশপাশের এলাকায় আজ বেলা একটার মধ্যে বৃষ্টির পূর্বাভাস আছে। তবে আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলেছে, রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
গত শনিবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের টেকনাফ এলাকা দিয়েই এ বায়ু এসেছে। এবার স্বাভাবিক সময়ের প্রায় এক সপ্তাহ পর এর প্রবেশ ঘটল। তবে এ বায়ু আসা মানেই দেশজুড়ে বৃষ্টি হবে, এমন নয়। নতুন এই বায়ুকে লড়তে হবে এখন সক্রিয় পশ্চিমা লঘুচাপের সঙ্গে। তাতে করে বরং কয়েক দিন বৃষ্টি কমে যেতে পারে। এখন যে বৃষ্টি হচ্ছে, তা কিন্তু ওই পশ্চিমা লঘুচাপের কারণেই।
কিন্তু ইতিমধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা। তিনি আজ বলেন, চট্টগ্রাম ও এর কাছাকাছি অঞ্চল এবং দক্ষিণের উপকূলের সাতক্ষীরা এলাকায় মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে। আজ এর প্রভাবে ওই সব এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তাতে তাপমাত্রা গতকালের চেয়ে কমার সম্ভাবনা কম।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আরও দুই জায়গায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। তারপরও আবহাওয়া অফিস তাপপ্রবাহের ঘোষণা দেয়নি। কারণ, এ তাপমাত্রা বিচ্ছিন্নভাবে রয়ে গেছে। কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে সেখানে মৃদু তাপপ্রবাহ রয়েছে বলে ধরা হয়।
আজও দেশের কিছু কিছু এলাকায় এভাবে বিচ্ছিন্নভাবে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান কাজী জেবুন্নেছা।
রাজধানীতে বৃষ্টি হতে পারে?
আবহাওয়া অফিস আজ সকাল সাতটা থেকে পরবর্তী ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলেছে, এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, ঢাকার আশপাশে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কমই।
গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি অনেক বেশি।
এমআই