নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল দশটায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্যের দফতরের একজন ডেপুটি রেজিস্ট্রার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান রোববার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন।
এসময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান এবং এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিতভাবে জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপাচার্যকে বিশেষ ধন্যবাদ দেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গত ১০ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দু'দিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন তিনি।
সেদিন অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, 'যে পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম—অংশীজনদের সহযোগিতায় আপদকালীন বা সেই বিশেষ পরিস্থিতি আমরা অতিক্রম করতে পেরেছি। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পূর্বে আমরা ভালো পর্যায়ে আছি এবং সরে দাঁড়াতে চাই।'
তিনি আরও বলেন, 'এই মুহূর্তে যেন বিশ্ববিদ্যালয়ে কোনো শূন্যতা তৈরি না হয়, সে জন্য একটি স্মুথ ট্রানজিশন প্রয়োজন। সরকার ও সংশ্লিষ্ট অংশীজনরা যদি মনে করেন ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে আরও কিছু সময় দায়িত্বে থাকা দরকার, তাহলে আমি আরও কিছু সময় দায়িত্ব পালন করতে রাজি আছি।'
অধ্যাপক নিয়াজ বলেন, 'আমি সরে দাঁড়াতে চাই যেন রাজনৈতিক সরকার তার মত করে প্রশাসন সাজিয়ে নিতে পারে। সেক্ষেত্রে যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে আমি যেকোনো সময় প্রস্তুত আছি।'
তিনি আরও বলেন, 'আমি ডেপুটেশন থেকে আমি অব্যাহতি চাইব, এবং আমার যে মূল কাজ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষকতার—তাতে ফেরত যাব। আমি ও আমার টিম অনেকদিন কঠিন পরিশ্রম করেছি। এখন আমার কিছু বিশ্রাম প্রয়োজন।'
এমআই