মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেনের অবসর সংবর্ধনাকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে সোমবার (১৩ এপ্রিল) অবসরে যাচ্ছেন তিনি। তবে অভিযোগ উঠেছে, তাকে যথাযথ বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে না। ঘটনাটি নিয়ে কলেজ ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চলছে।
রোববার দুপুরে অধ্যাপক জাকির হোসেন দাবি করেন, অনৈতিক সুবিধা না দেওয়ায় কলেজ শাখা ছাত্রদলের কিছু নেতা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, তারা আমার কাছে বিভিন্ন কাজের হিসাব চেয়েছে। আমি বলেছি, আমি কোনো অন্যায় করিনি। অডিট বিভাগ আছে, তারাই বিষয়টি দেখবে।
তিনি আরও জানান, বিষয়টি তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছেন এবং সুষ্ঠু তদন্তের প্রত্যাশা করছেন।
বিদায় অনুষ্ঠানের বিষয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, আমি একজন শিক্ষক। অবসরের সময় একটি সংবর্ধনা না পাওয়াটা কষ্টের। এমনকি একটি মতবিনিময় সভাও করতে পারিনি। আমাকে বাধা দেওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান সোহাগ। তিনি বলেন, আমরা কোনো অনৈতিক সুবিধা চাইনি। তিনি ভিন্ন মতাদর্শের মানুষ। আমরা কখনো তার কাছে কোনো দাবি আদায় করতে পারিনি। বিদায়ের সময় এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
এমআই