শনিবার, ০২ মে ২০২৬

তারুণ্যের উদ্ভাবনী জোয়ারে কুয়েট: চলছে দুই দিনব্যাপী ‘ক্যালিব্রেশন ২.০’

শনিবার, মে ২, ২০২৬
তারুণ্যের উদ্ভাবনী জোয়ারে কুয়েট: চলছে দুই দিনব্যাপী ‘ক্যালিব্রেশন ২.০’

কুয়েট প্রতিনিধি, খুলনা:
‎তরুণ প্রজন্মের মেধা ও প্রযুক্তির মেলবন্ধনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে  দুই দিনব্যাপী জাতীয় রোবোটিক্স ও প্রযুক্তি উৎসব ‘ক্যালিব্রেশন ২.০’। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (MTE) বিভাগের উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল— “ক্যালিব্রেট ইয়োর পটেনশিয়াল”।

‎শুক্রবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলন ও ফিতা কাটার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।
‎এবারের আয়োজনে দেশের প্রায় ৪৫টি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১,০০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। প্রতিযোগীদের উৎসাহিত করতে আয়োজনে রাখা হয়েছিল প্রায় "৩ লক্ষ ৫০ হাজার" টাকার বিশাল প্রাইজমানি।
প্রযুক্তিনির্ভর মেধা বিকাশের লক্ষ্যে উৎসবে মোট ১০টি ভিন্ন ভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। যার মধ্যে ছিল:

‎রোবোটিক্স: লাইন ফলোয়িং রোবট ও টানটান উত্তেজনার ‘সকার বট’ প্রতিযোগিতা।
‎ ইঞ্জিনিয়ারিং স্কিল: ক্যাড কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং এবং পোস্টার প্রেজেন্টেশন।
‎ব্যবসায়িক ও সৃজনশীলতা: কেস স্টাডি সমাধান ও অ্যাড মেকিং।
‎স্কুল-কলেজ সেগমেন্ট: উদীয়মান মেধা অন্বেষণে রোবোটিক্স ও আইটি অলিম্পিয়াড।
‎প্রজেক্ট শোকেসিং-এ অংশ নেওয়া শিক্ষার্থী ‘আইজ্যাক’ তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, “নতুন সব উদ্ভাবনী আইডিয়া দেখে দারুণ লাগছে। অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে পাওয়া পরামর্শগুলো আমাদের প্রজেক্টকে ভবিষ্যতে আরও উন্নত করতে সাহায্য করবে।”
‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে শাণিত করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমটিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল আন নাহিয়ান, মেকানিক্যাল ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সুলতান মাহমুদসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

‎আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো স্কুল-কলেজ পর্যায়ে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। তরুণদের মাঝে প্রযুক্তির চর্চা ছড়িয়ে দিতে প্রতি বছর এই উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৬ সময় জার্নাল